সমন্বিত জাতীয় কাঠামোতে ৫ সুপারিশ
এটুআই এর আয়োজনে মঙ্গলবার শেষ হলো ভবিষ্যত কর্মের জন্য সমন্বিত জাতীয় কাঠামো তৈরির পরিকল্পনা প্রণয়ন কর্মশালা। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের আইল্যাব অডিটরিয়ামে সমাপনীতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান (সচিব) জনাব গোলাম মোঃ হাসিবুল আলম; ইউএনডিপি-বাংলাদেশ এর আবাসিক প্রতিনিধি জনাব সুদীপ্ত মূখার্জি; ইউএনডিপি-এশিয়া প্যাসিফিক এর রিজিওনাল ইনোভেশন সেন্টার প্রধান জনাব জুলিও কোয়াগিওটো; ইউনিভার্সিটি কলেজ লন্ডন এর অধ্যাপক ও নেসটা ইউকে এর সাবেক নির্বাহি প্রধান ড. জেফ মালগান; ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালক সালাউদ্দিন আলমগীর এবং ইউসেফ এর নির্বাহি পরিচালক তাহসিনা আহমেদ। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মোঃ আব্দুল মান্নান, পিএএ এবং প্যানেল আলোচনা সঞ্চালনা করেন এটুআই-এর পলিসি অ্যাডভাইজর জনাব আনীর চৌধুরী।
অনুষ্ঠানে ভবিষ্যত কর্মদক্ষতা প্রস্তুতকরণে ৫টি বিষয়ের উপর গুরুত্বারোপ করেন আলোকরা। তারা শিক্ষা কার্যক্রম, জব ও স্কিলসের রিয়েল টাইম ডাটা; জব ও স্কিলসের ভবিষ্যত সম্ভাবনা; নানা সুযোগ-সুবিধা; শিক্ষা কার্যক্রম ও জব মার্কেটের সমন্বয় এবং সমসাময়িক পলিসি তৈরির মাধ্যমে একটি সমন্বিত উদ্যোগের পরামর্শ দেন।